আজ
|| ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১
প্রকাশের তারিখঃ ৪ এপ্রিল, ২০২৬
জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১
মো: পারভেজ সরকার-
রংপুরের গংগাচড়া উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল নোটসহ মো. রুবেল মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার সকালে র্যাব-১২’র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছিল। এ চক্রের সদস্যদের ধরতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছিল।
গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে র্যাব-১২ (সিরাজগঞ্জ) ও র্যাব-১৩ (রংপুর) এর যৌথ অভিযানে গংগাচড়া উপজেলার চেংমারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ চেংমারী এলাকার বাসিন্দা রুবেল মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানে তার বাড়ি থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে প্রিন্টিং মেশিন, বিশেষ কাগজ, কালি ও অন্যান্য উপকরণ রয়েছে, যেগুলো ব্যবহার করে জাল নোট তৈরি করা হতো বলে জানিয়েছে র্যাব।
এর আগে, গত ২৯ মার্চ সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ আরও দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রংপুরে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি করে আসল টাকার সঙ্গে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য হিসেবেও কাজ করতেন।
র্যাব আরও জানায়, আটক রুবেল মিয়ার বিরুদ্ধে রাজধানীর চকবাজার ও মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা, একটি প্রতারণা মামলা এবং গংগাচড়া থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব-১২’র অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া বলেন, জাল টাকা প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব’১২।#
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.