আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
ট্রেনের ধাক্কায় সিরাজগঞ্জে সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান মনি নিহত
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৫
ট্রেনের ধাক্কায় সিরাজগঞ্জে সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান মনি নিহত
স্টাফ রিপোর্টারঃ-
ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেন ধাক্কায় সিরাজগঞ্জের লেখক-সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান (৬০) মনি নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত মনিরুজ্জামান মনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক যমুনা প্রবাহ’র সাবেক সাহিত্য সম্পাদক।
মনিরুজ্জামান মনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য পদেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরার ছোট ভাই।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার জন্য শহীদ এম মনসুর আলী স্টেশনে অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান মনি।
ট্রেন আসতে দেরী হওয়ায় তিনি স্টেশন ছেড়ে রেলসড়কের পাশে বসেছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.