সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জাল মেডিকেল সনদ দেওয়ায় কারাগারে
মোঃ হোসেন আলী ছোট্ট – সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদকে জাল মেডিকেল সনদ দেওয়ার অভিযোগে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, একটি মামলার (জি আর ৪২/২০২৫, বেলকুচি) প্রকৃত রোগী শাহজালালের তথ্য জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করেন ডা. ফয়সাল। অভিযোগ অনুযায়ী, রোগীর পিতা মহব্বত আলীর পরিবর্তে আলতাব এবং শাহাজাদপুর থানার স্থলে বেলকুচি উল্লেখ করে তিনি নিজ হাতে সংশোধন করেন। একই সিরিয়ালে দুই ব্যক্তিকে ভর্তি টিকেট দেওয়ার ঘটনাও উঠে আসে।
বিষয়টি আসামিপক্ষের আইনজীবী আদালতে লিখিতভাবে উপস্থাপন করলে আদালত তা আমলে নেয় এবং ডা. ফয়সালের বিরুদ্ধে সমন জারি করে। পরে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর তিনি আদালতে জবানবন্দিতে অভিযোগের সত্যতা স্বীকার করেন।এর পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং ডা. ফয়সালসহ মোতালেব হোসেনকে আসামি করা হয়। সোমবার আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতের এপিপি হদিউজ্জামান শেখ জানান, ডা. ফয়সালের বিরুদ্ধে জাল সনদ দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি আদালতে বিষয়টি স্বীকার করেছেন।