জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির’ রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু
পারভেজ সরকার, সিরাজগঞ্জ:
রায়গঞ্জে ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
ঘটনার সঠিক তদন্ত না হলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বিএনপির পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ প্রকৃত আসামিদের গ্রেপ্তার করেছে কি না, তদন্তে সেটিও বেরিয়ে আসবে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইদুর রহমান বাচ্চু।
সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আন্দোলন-সংগ্রামে সমৃদ্ধ। মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপির ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দল-মত–নির্বিশেষে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
সভায় বক্তারা গত ১৫ আগস্ট ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি, রায়গঞ্জ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#