সিরাজগঞ্জের ঐতিহ্যেবাহী কম্বল তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা
শফিক মোহাম্মদ রুমন —
সিরাজগঞ্জের কাজিপুরের প্রত্যন্ত অঞ্চল শিমুলদাইড়, ছালাভরা ও কুনকুনিয়াসহ প্রায় ৩৫টি গ্রামের ৪০ হাজার মানুষ কম্বল ও শিশুদের পোশাক তৈরি করে নতুন জীবন লাভ করছেন। শীত মৌসুমে চাহিদা বাড়ায় রাত-দিন কম্বল ও শিশুদের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। প্রতি বছরই বাড়ছে স্থানীয় এই শিল্পের পরিধি। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে অনেক বেকার যুবকের।গার্মেন্টেসের পরিত্যক্ত ঝুট কাপড় এনে সেলাই করে তৈরি করা হয় কম্বল ও শিশুদের পোশাক।
জানা যায়, হত-দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের জন্য প্রায় দুই দশক ধরে তৈরি হচ্ছে কম্বল ও শিশুদের পোশাক। এখানকার শ্রমিকদের হাতে তৈরি কম্বল ও পোশাক দেশের ৬০টি জেলার লাখ লাখ মানুষ শীতে খুঁজে নেয়। উপজেলার শিমুলদাইড় বাজারে পাওয়া যাচ্ছে বাংলা, বিশ্বাস, চায়নাসহ ১৬৬ রকমের কম্বল। ১০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকার মধ্যে কম্বল পাওয়া যাচ্ছে এখানে। বাজারের প্রায় ১০০ দোকানে প্রতিদিন কেনাবেচা হচ্ছে কোটি টাকার কম্বল ও শীতের পোশাক। এ কারণে এই শিল্পের খ্যাতি লাভ করেছে কাজিপুর উপজেলা। এই অর্থ এসব শ্রমিকদের ভাগ্যের চাকাকে নিয়ে যাচ্ছে সফলতার শিখরে।
শীত নামতেই ২৫ গ্রামে বেড়েছে কম্বল তৈরির ব্যস্ততা। সরেজমিনে শিমুলদাইড় বাজারে কথা হয় কম্বল তৈরির কারিগর রবিউল আলমের সঙ্গে। তিনি বলেন, পোশাক শিল্পের ফেলে দেওয়া ঝুট কাপড় বিশেষ কায়দায় সেলাই করে তৈরি করা হয় কম্বল। এসব ঝুট ঢাকা থেকে কিনে আনেন মালিকরা। এছাড়া চাহিদা অনুযায়ী নতুন কাপড় কেটেও তারা কম্বল তৈরির কাজ করেন৷
কথা হয় আরেক কারিগর মিজানুরের সঙ্গে তিনি বলেন, শিমুলদাইড় গ্রাম ছাড়াও উপজেলার ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পোশাক শিল্পের টুকরো কাপড় দিয়ে পা ও ফ্ল্যাট লক মেশিনের মাধ্যমে কম্বল তৈরি করেন।তিনি আরও বলেন, পা মেশিন দিয়ে প্রতিদিন একজন শ্রমিক ৮ থেকে ১০টা কম্বল তৈরি করেন। প্রত্যেক কম্বল তৈরি বাবদ একজন কারিগর সাইজ অনুযায়ী ৩০-৫০ টাকা করে পান। আর ফ্ল্যাট লক মেশিনে প্রতিদিন একজন কারিগর ৩৫০ থেকে ৫০০টি কম্বল তৈরি করতে পারেন। তারা কম্বলের ওজনের ভিত্তিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত মজুরি পেয়ে থাকেন। মৌসুমে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারের কাজের ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করেন।স্থানীয়রা জানান, কাজীপুরে প্রায় ১৫ থেকে ২০ হাজার পা চালিত ও পাঁচ থেকে ছয় শতাধিক ফ্ল্যাট লক পাওয়ার মেশিন রয়েছে।ফ্ল্যাট লক মেশিনের কারিগর ইসমাইল সেখ বলেন, প্রতিটি মেশিনে কমপক্ষে তিনজন শ্রমিক কাজ করে। এতে প্রতিজন এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় করতে পারেন।তিনি আরও জানান, বর্তমানে একটি লেপ তৈরি করতে এক থেকে দেড় হাজার টাকা লাগে। অথচ একটি ঝুট কম্বল ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়। ব্লেজার তৈরির পরিত্যক্ত ঝুট জোড়া দিয়ে বানানো কম্বল একদিকে যেমন হালকা, অন্যদিকে প্রচণ্ড শীতেও এ কম্বল বেশ গরম ও আরামদায়ক।তবে তিনি বলেন, দুই বছর আগে যে ঝুট ১০ টাকা কেজি কেনা যেত, এখন সেটা ২৫ থেকে ৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। গরমের সময় প্রতি কম্বলের দাম কম থাকলেও শীতে সেটা বেড়ে যায়। আর এই কারণে গৃহস্থালির কাজের ফাঁকে নারীরাও কম্বল সেলাই করেন।
শিমুলদাইড় বাজারের মেসার্স ভাই বোন ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় কেনা হয়। এসব কাপড়ের দাম মণ প্রতি ৫০০ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত হয়। প্রতিমণ কাপড়ে ৭০ থেকে ১২০টি পর্যন্ত কম্বল তৈরি হয়। প্রতি কম্বল পাইকারি বিক্রি হয় ৮০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত।তিনি আরও বলেন, এ বাজারে প্রায় ১০০টি কম্বলের দোকান রয়েছে। এসব দোকান থেকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা পাইকারি দরে কম্বল কিনে নিয়ে যান। রংপুর
থেকে কম্বল কিনতে আসা লিয়াকত বলেন, আরামদায়ক ও দাম কম হওয়ায় প্রত্যেক শীতের মৌসুমে তিনি কাজীপুরে কম্বল কিনতে আসেন। এবার তিনি প্রায় ২০ লাখ টাকার কম্বল কিনে মজুদ করেছেন। যা আগামী মাস থেকেই বিক্রি শুরু করবেন। নতুন করে আরও পাঁচ লাখ টাকার কম্বল কিনে নিয়ে যাবেন।
শিমুলদাইড় বাজার বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন বলেন, কম্বলের পাশাপাশি ছোট ছেলে-মেয়েদের বিভিন্ন ধরনের পোশাকও তৈরি করা হয়। তবে সহজ শর্তে ব্যাংক লোন পেলে এ শিল্প আরও এগিয়ে যাবে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কাজীপুরের কম্বল একটি সম্ভাবনাময় শিল্প। যার মাধ্যমে গ্রামে বসেই হাজারো মানুষের কর্মের সুযোগ তৈরি হয়েছে। ওই কম্বলগুলো আরামদায়ক ও দামে কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ ছাড়াও দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বেশ পছন্দনীয় হয়ে উঠেছে।