৩৪৫ প্রজাতির বিরল বৃক্ষের সংগ্রহ দেখতে পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।
স্টাফ রিপোর্টার ঃ বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ, জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’ পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক দল। পাঠশালার বিরল বৃক্ষসম্ভার, সংরক্ষণ কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্যোগ দেখে প্রশংসা করেন তাঁরা বিকেল ৪টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের শেখপাড়ায় অবস্থিত পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় উপস্থিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদোয়ানুর রহমানসহ গবেষক দলের সদস্যরা। এ সময় তাঁরা পাঠশালার বিভিন্ন প্রজাতির বিরল ও বিপন্ন বৃক্ষ ঘুরে দেখেন এবং বৃক্ষ সংরক্ষণ, গবেষণা ও জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ ২০০০ সালে নিজের বাড়িতে প্রায় আট বিঘা জমিতে গড়ে তোলেন বিরল ও বিপন্ন প্রজাতির ৩৪৫ প্রজাতির বৃক্ষের সংগ্রহ। তাঁর এই বৃক্ষসম্ভারে সুন্দরীসহ সুন্দরবনের ২০ প্রজাতির গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে বিরল বৃক্ষ সংগ্রহ, চারা উৎপাদন, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি বৃক্ষ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ মাহবুব ইসলাম পলাশ বাংলাদেশ সরকারের জাতীয় কৃষি পদক অর্জন করেন। পাশাপাশি দেশের ৬৪ জেলায় মহাবিপন্ন প্রজাতির বৈলাম বৃক্ষ রোপণের উদ্যোগ বাস্তবায়ন করে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।পাঠশালার বিরল বৃক্ষসম্ভার পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদোয়ানুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা যা করতে পারিনি, মাহবুব ইসলাম পলাশ নিজ উদ্যোগে তা করে জাতিকে দেখিয়ে দিয়েছেন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁর অবদান এবং কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।তিনি আরও বলেন, বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য ধরে রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
পরিদর্শনকালে পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করা গবেষক, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা পরিবেশ শিক্ষা, বিরল বৃক্ষ সংরক্ষণ এবং প্রকৃতিবান্ধব সমাজ গঠনে এ ধরনের ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা পরিবেশ ও প্রকৃতির পাঠশালা এখন বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ, প্রকৃতি শিক্ষা ও জীববৈচিত্র্য রক্ষার এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছে।