সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় খাদ্যপণ্য উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং পাস্তার মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে এ জরিমানা করা হয়। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বনবাড়িয়া এলাকার মেসার্স এসএস সুপার স্টার পটেটো চিপস অ্যান্ড ম্যাকারনি পাস্তা মিলে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মো. সবুজ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন এবং বিএসটিআইয়ের প্রযোজ্য আইন ও বিধিবিধান মেনে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।অভিযানের পাশাপাশি বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়মের বিরুদ্ধে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।