খাদ্য পণ্য চিপসের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান।
১৬ নভেম্বর ২০২৬ সোমবার দুপুর ২:৩০ ঘটিকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রায়পুর এলাকায় খাদ্য পণ্য চিপসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।
অভিযানে মেসার্স খান ফুডস প্রোডাক্টের কারখানায় ক্ষতিকারক রং না পেলেও খাদ্য পণ্য চিপসের মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স খান ফুডস প্রোডাক্টের মালিক মো: ইমন খানকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। স্বাস্হবিধি মেনে অধুনিক ড্রায়ার মেশিনে চিপস শোকানোর জন্য বলা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও পরিবেশ উন্নত না করা পর্যন্ত আপাতত উৎপাদন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে বাজারে ভোজ্য তেল-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।