সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নৌযান শুমারি জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক সমিতির প্রতিনিধি, মৎস্যজীবী সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং নৌযান খাতের উন্নয়নমূলক ভিডিও চিত্র উপস্থাপন করেন সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা খাতুন।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা নৌযান শুমারির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের নৌযান ও নৌযান-নির্ভর জনগোষ্ঠীর সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে নৌযান খাতের পরিকল্পিত উন্নয়ন, নীতিনির্ধারণ এবং সরকারি সুযোগ-সুবিধা প্রদানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এজন্য শুমারি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম মোখলেসুর রহমান,কামারখন্দ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহ,সিরাজগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মুবিন।
এ সময় জেলা মৎস্যজীবী সমিতি, নৌযান মালিক সমিতির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।