টানা চারবার সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি
নির্বাচিত হলেন রাকিবুল হাসান
স্টাফ রিপোর্টারঃ- — আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান।মঙ্গলবার (০৩ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সভাটি সঞ্চালনা করেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সঠিক নেতৃত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অক্টোবর মাসের জন্য তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। এর আগে তিনি গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা অর্জন করেছিলেন। ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা, সিরাজগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা এবং সদর থানা পুলিশের চৌকস টিমের নিরলস পরিশ্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছি।’